শিরোনাম

খুলনা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা গতকাল বুধবার খুলনা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথিরা বলেন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যার কারণে জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে।
এ্যাডমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলামের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান ও কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট (আইডিএম) এর সহযোগী অধ্যাপক ড. আঞ্জুম তাসনুভা।
কর্মশালায় খুলনার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, উপপরিচালক মিহির লাল সরদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান। কর্মশালা পরিচালনা করেন এ্যাডামস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখিত প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ক্ষয়ক্ষতি মোকাবেলা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় জলবায়ু সংক্রান্ত পরিবর্তনে অর্থনৈতিক বিষয়াদি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপসমূহ, বাংলাদেশে ক্ষয়ক্ষতির জাতীয় নীতিমালা প্রণয়ন বিষয়সমূহ এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের দায়িত্ব সমূহ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়।