শিরোনাম

ফেনী, ১৬ জুলাই ২০২৬ (বাসস): জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার এ রায় প্রদান করেন। শহরে বিভিন্ন মাদকের স্পটে হানা দিয়ে তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার মাদকবিরোধী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের রবিউল হকের পুত্র আবদুল্লাহ আল নোমান (২৬), সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের নুর কালামের পুত্র মো. নাছিম উদ্দিন রোমান (৩৯), লক্ষ্মীপুর গ্রামের মাহামুদুল হকের পুত্র মোশাররফ হোসেন (৪২), চরচান্দিয়া ইউনিয়নের মো. মাঈন উদ্দিন ফারুকের ছেলে পুত্র ইউনুস (৫০), মহিপাল এলাকার আলমগীর হোসেনের পুত্র মো. আলা উদ্দিন(৩৫) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের খায়েজ আহম্মদের পুত্র জালাল আহম্মদ আলমগীর(৩৭) কে হাতেনাতে গাঁজাসহ আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সচেতনতামূলক সেমিনার করা হচ্ছে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের গতরাতে জেলা কারাগার ২-এ প্রেরণ করা হয়েছে।