বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১০:৫৩

বাগেরহাটে প্রতিবেশীরা দুস্থ উপকারভোগীকে গরু-ছাগল দিয়ে সহায়তা করল

বুধবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি’র মাধ্যমে দুস্থদের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। ছবি: বাসস

বাগেরহাট, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) :  জেলার রামপালে ‘জয় অব গিভিং’-এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাস-মুরগী দিয়ে সহায়তা করেছে।

গতকাল বুধবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি’র মাধ্যমে দুস্থদের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রামপাল কোঅর্ডিনেশন অফিসের ফুলি সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জয় অব গিভিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরেনারী কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ।

অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার ফুলি সরকার বলেন, আমরা রামপালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করে আসছি। ২০২১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ২ হাজার ২৬৩ জন দুস্থ উপকারভোগীকে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য নগদ টাকা, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে সহায়তা করেছি। আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে, যাদের আমরা বিগত সময় গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে সহায়তা করেছিলাম, আজ তারা নিজেরা স্বাবলম্বী হয়ে তাদের প্রতিবেশীদের ‘জয় অব গিভিং’ এর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেছেন।

আজকে ৮০ জন তার ৮০ জন উপকারভোগী প্রতিবেশীকে সহায়তা করছেন। আমাদের ছোট্ট অবদানই পূরণ করবে অন্যের বড় স্বপ্ন। 

প্রধান অতিথি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি এমন মহৎ কর্মকে উৎসাহিত করে বলেন, এভাবেই যদি আমরা আমাদের পিছিয়ে পড়া প্রতিবেশীদের স্বাবলম্বী হতে সহযোগিতা করতে পারি তবে সকল মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।