বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২১:৪৭

থানচিতে শতাধিক বন্যাদুর্গতকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

ছবি : বাসস

বান্দরবান, ১৫ জুলাই, ২০২৬, (বাসস): জেলার থানচি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার টিঅ্যান্ডটি পাড়ায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৩৮ বিজিবি।

ব্যাটালিয়নের আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পে বন্যাদুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় চিকিৎসকদের পক্ষ থেকে ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানির ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বাসসকে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি।

ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।