বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২১:৪৬

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামালসহ আটক ২

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ জুলাই, ২০২৬, (বাসস): সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৭৩ লাখ ৫০ হাজার টাকার মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, ঘোনা, হিজলদী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বুধবার এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও একটি বাংলাদেশি ট্রাক।

আটক চোরাকারবারিরা হলেন, যশোরের নওয়াপড়া থানার ভুইকাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ট্রাকচালক মো. আব্দুল কুদ্দুস (৪৭) এবং সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের জিহাদ আলীর ছেলে ট্রাকের সহকারী চালক মো. শামীম হোসেন (২৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গীর মোড় নামক স্থান থেকে, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার দাঁতভাঙ্গা মোড় নামক স্থান থেকে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মুফতিবাড়ী মোড় নামক স্থান থেকে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এদিকে ভোমরা বিওপির আওতাধীন আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে একটি বাংলাদেশি ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ১৫৬টি ডিসপ্লেসহ ট্রাকটি জব্দ করেন।

এ সময় আটক করা হয় ট্রাকচালক আব্দুল কুদ্দুস ও তার সহকারী শামীম হোসেনকে। জব্দকৃত বাংলাদেশি ট্রাকসহ ভারতীয় মালামালের সর্বমোট বাজারমূল্য ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।