শিরোনাম

পটুয়াখালী, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপকূলীয় বন বিভাগের সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
ব্যাপকহারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলা ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে ফলদ, বনজ ও ভেষজ গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।