বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১২:২৫

আদমজীতে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ চেষ্টায় আদমজীতে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভেতরে একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার ভোর ৪ টার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের ওই রপ্তানিমুখী পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪ টার দিকে গুদামটিতে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আরও ৮ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের টানা চেষ্টায় সকাল সোয়া ৭ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বাসস’কে বলেন, ভোর ৪ টায় অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।