বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১১:৩৪

নাটোরের দেশীয় মাছ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দ ৯শ’ ফুট কারেন্ট জাল ধংস করে। ছবি: বাসস

নাটোর, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : দেশীয় মাছের সুরক্ষা প্রদানে জেলার হালতি বিলে গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দ ৯শ’ ফুট কারেন্ট জাল ধংস করে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হালতি বিলের পাটুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দু’টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ প্রদান এবং কারেন্ট জাল ব্যবহার না করার মুচলেকা প্রদান করে তারা দায় থেকে অব্যাহতি লাভ করেন।

অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় তিন লাখ টাকা মূল্যমানের ৯শ’ ফুট কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া পোনা মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকা জব্দ করা হয়। উদ্ধার পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় প্রদান করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ অভিযানকালে উপস্থিত ছিলেন।