বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৪

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি: বাসস

গাইবান্ধা, ১৪ জুলাই, ২০২৬, (বাসস): জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে গাইবান্ধা শহরের ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মঈনুল হাসান সাদিক বলেন, যুবসমাজকে মাদকমুক্ত ও শিক্ষায় মনোযোগী রাখতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষায় তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে এ কার্যক্রম চালিয়ে যেতে তিনি ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন।

আলোচনা সভা শেষে ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের নিয়ে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।