শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে আজ জাতীয় ফল মেলার উদ্বোধন এবং কৃষকদের মাঝে চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় আজ মঙ্গলবার সকাল ১১টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচাসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূিচর অংশ হিসেবে পার্বত্য এলাকাতেও বৃক্ষরোপণসহ কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি কৃষকসহ সকলের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করছি, আপনারা প্রতিজন এই চারা গুলো নিয়ে নিজ নিজ আঙ্গিনা এবং জমিতে লাগাবেন, যাতে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।
অনুষ্ঠানে কাপ্তাইয়ের ৬শ’ ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি এবং সার বিতরণ করা হয়। এরআগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবীব বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪শ’ ১০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ২শ’ জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।