বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১২:৪৩

নেত্রকোণায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতীকী ছবি

নেত্রকোণা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : নেত্রকোণা সদর থানাধীন বাংলা বাজার এলাকায় নেত্রকোণা-বারহাট্টা সড়কে অভিযান চালিয়ে ১,১৯০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২২ হাজার ৫শ’ টাকাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার ১,১৯০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা, জব্দ প্রাইভেটকারের মূল্য ২০ লাখ টাকা এবং নগদ ২২ হাজার ৫শ’ টাকা মিলিয়ে সর্বমোট ২৪ লাখ ৯৮ হাজার ৫শ’ টাকার মাদক ও মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ১. মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), পিতা: মৃত তোফাজ্জল হোসেন, সাং-নওয়ানগর (এসডিও বাড়ি), ওয়ার্ড নং- ৯, ইউপি- ৩ নং ঠাকুরাকোণা; ২. মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- মসজিদ কোয়ার্টার (মোক্তারপাড়া), ওয়ার্ড নং- ৭, নেত্রকোণা পৌরসভা; ৩. মো. আল রিফাত চৌধুরী জয় (২২), পিতা: মৃত আল আমিন চৌধুরী, সাং-পশ্চিম মালনী, ওয়ার্ড নং- ৫, নেত্রকোণা পৌরসভা এবং ৪. মাহমুদুল হাসান রাফি (২২), পিতা: মো. আব্দুল্লাহ আল মামুন, সাং-পশ্চিম মালনী, ওয়ার্ড নং- ৫, নেত্রকোণা পৌরসভা। সকলেই নেত্রকোণা সদর থানা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসস’কে জানান, মাদক অপরাধ দমনে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদক অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।