বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১১:১১

রংপুরে অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকের জরিমানা

রংপুর, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : রংপুর মহানগরের আর. কে. রোড এলাকায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডেন্টাল টেকনোলজিস্টের মাধ্যমে অবৈধভাবে ডেন্টাল সেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ব্যবহারের অভিযোগে একটি ডেন্টাল প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার পরিচালিত এই অভিযানে ‘আরপি ডেন্টাল কেয়ার’-এ ডেন্টাল সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা গেছে, নিবন্ধিত দন্ত চিকিৎসক ছাড়াই ডেন্টাল টেকনোলজিস্ট চিকিৎসা সেবা প্রদান করছিলেন। এছাড়া প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলামের কাছ থেকে ভবিষ্যতে অবৈধ সেবা প্রদান থেকে বিরত থাকা মর্মে একটি মুচলেকা গ্রহণ করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দণ্ড প্রদান করেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবা খাতে অনিয়ম প্রতিরোধে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।