বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৯:৪৯

হবিগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

ছবি : বাসস

হবিগঞ্জ, ১৩ জুলাই, ২০২৬, (বাসস): বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জের ৫৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। 

বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাহিনীটি।

‎আজ সোমবার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের সুজাতপুর ইউনিয়নের বাল্লা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্গম ও পানিবেষ্টিত এলাকায় আটকে পড়া মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়।

পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসুস্থদের চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পের এস এম ও মেডিকেল অফিসার মেজর ইদি আমীন, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বাসসকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫৫ বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।