শিরোনাম

ময়মনসিংহ, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার ৬৬টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এসব ধর্মীয়, শিক্ষা ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজে এ বরাদ্দ দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে মসিকের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রকল্প সংশ্লিষ্টদের মাঝে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসিক প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন।
প্রধান অতিথি বলেন, সরকারের টিআর কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে। আশা করছি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ে প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হবে।
অনুদানের চেক প্রাপ্ত ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ১৪টি মাদরাসা, ৫টি মন্দির, ২টি বিদ্যালয়, ২টি ক্লাব এবং ১টি এতিমখান।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনা আল মজীদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে দেবনাথ, তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠান কমিটির কর্মকর্তাগণ।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বিগত সময়ে টিআর কর্মসূচির আওতায় ধর্মীয়, শিক্ষা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হতো এটা অনেকেই জানতো না। তবে এবার প্রকল্পের বরাদ্দের টাকায় প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।