বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৩:৫৯

গণতন্ত্র ও উদার মূল্যবোধ প্রতিষ্ঠায় সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন : রংপুরে বক্তারা

জেলা প্রশাসন রংপুর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রুহুল আমিন।ছবি: বাসস

রংপুর, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন রংপুর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে গণতন্ত্র, সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং উদার মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের মাধ্যমে নাগরিক অধিকার সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।