শিরোনাম

রাজবাড়ী, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু নসর মোহাম্মদ কদর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুন্নবী তালুকদার।
সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার আবু রায়হান। এছাড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপপরিচালক মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সমাজে বাল্যবিবাহের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি রোধে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, শিশু-কিশোরদের সার্বিক বিকাশের বিষয়েও মাঠকর্মীদের সচেতন থাকতে হবে। পরিবারের শিশু-কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে টিকটকে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে কিনা কিংবা মাদকের কুফলের সঙ্গে জড়িয়ে পড়ছে কি-না এসব বিষয়েও খোঁজ খবর রাখতে হবে। এতে পরিবার ও সমাজকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।