শিরোনাম

ঝালকাঠি, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জুন মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ব্যাপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজভী আহমেদ সবুজ, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ সংরক্ষণ, ইটভাটা, মৎস্য অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বারোচালা সংক্রান্ত বিষয় এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষার ফি নিয়ে সভায় বিস্তারিত আলোচনার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের অভিযান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালুমহাল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বিশেষভাবে নৌ পুলিশকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন তিনি।
এছাড়া ঐতিহাসিক বারোচালা সংক্রান্ত বিষয়ে অগ্রগতির প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসনকে জানাতে পৌরসভাকে নির্দেশ দেন জেলা প্রশাসক।
এছাড়াও মাদক নির্মূলে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।