বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৬:৩২

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: বাসস

ঝলকাঠি, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

প্রধান অতিথি বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমার শীল।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।