শিরোনাম

পঞ্চগড়, ১২জুলাই ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ নামে ৬ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর ধনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই এলাকার আবুল কাশেমের পুত্র। আলিফ স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতেই খেলাধুলা করছিল আলিফ। দুপুর দুইটা থেকে আলিফকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫ টার দিকে আব্দুল কুদ্দুস নামে শিশুটির এক দাদা বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুকুর থেকে আলিফের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।