শিরোনাম

শেরপুর, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এ সহায়তা দেওয়া হলো।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
এসময় বক্তারা বলেন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনায় বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে। তাই শেরপুর জেলার সব শ্রেণি পেশার মানুষকে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের অনুরোধ করা হয়।
উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুর সদরের ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬শ ২৬ জন কৃষকের মাঝে গাছের চারা, খুঁটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে।