শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড় সংলগ্ন একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ খোদাই করা রয়েছে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বাসস’কে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যালিস্টিক পরীক্ষাসহ সব ধরনের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।