বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৩:৫১
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪:০১

কিশোরগঞ্জে হাওরের পানিতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলী হাওর। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নিকলী হাওরে নৌভ্রমণে যান শফিকুল। এক পর্যায়ে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাসস’কে বলেন, ঘটনার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ডুবুরি দল ডাকা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে হাওরের তীব্র স্রোত ও অন্ধকার নেমে আসায় রাত পৌনে ৮টা প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়। নিখোঁজ পর্যটকের সন্ধানে শনিবার পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।