বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৩:৪১

কালীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন-নগদ অর্থ বিতরণ

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে নগদ অর্থ এবং ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন। ছবি: বাসস

লালমনিরহাট, ১১ জুলাই, ২০২৬(বাসস) : লালমনিরহাটের কালীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের 

পুনর্বাসন এবং স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকারি ’দুটি কর্মসূচির আওতায় ঢেউটিন, নগদ অর্থ ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেককে এক বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল বলেন, সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজসেবা বিভাগের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তিনি ক্ষুদ্র ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ. এম. মাজাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিএনপির নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে ঢেউটিন, নগদ অর্থ এবং ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।