শিরোনাম

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় জলাবদ্ধতার মধ্যে কুঁড়েঘরে আটকা পড়া শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধাসহ ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলের পর উদ্ধার অভিযান পরিচালিত হয়।
আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বাঁশখালী উপজেলার জলকদর খালের উপর চেচুরিয়া ব্রিজ সংলগ্ন ওই এলাকা বুধবার পানিতে তলিয়ে যায়। পরে ওইদিন রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে সেখানে উদ্ধার কাজে যায় ফায়ার সার্ভিস।
বাঁশখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেছে।
রাত সাড়ে ৮টার দিকে ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে আমরা জানতে পারি, চেচুরিয়ায় ১৩ জন মানুষ আটকা পড়েছেন পানিতে। সেখানে গিয়ে রশিসহ সব সরঞ্জাম সেট করতে ঘণ্টাখানেক সময় লাগে। তারপর ওই বাড়ি থেকে বৃদ্ধা, গর্ভবতী নারী ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করা হয়।