শিরোনাম

কুমিল্লা, ৯ জুলাই ২০২৬ (বাসস): নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে কিংবা ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালালে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প-সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই অটোরিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত প্রতিটি অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট যুক্ত করা হবে। এসব প্লেটে অন্তত আটটি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, যার ফলে জালিয়াতি বা নকল প্লেট ব্যবহারের সুযোগ থাকবে না।
প্রশাসক বলেন, কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, নগরীতে অতিরিক্ত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট দিন দিন তীব্র হচ্ছে। একই সঙ্গে বেপরোয়া গতিতে চলাচলের ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে বহু মানুষ আহত হচ্ছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করছেন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। জনভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ইউসুফ মোল্লা বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের এই উদ্যোগে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নেই। এটি সম্পূর্ণভাবে নগরবাসীর স্বার্থ ও জনকল্যাণ বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, নগর পরিকল্পনার অংশ হিসেবে মানুষকে হাঁটার অভ্যাস গড়ে তুলতেও উৎসাহিত করতে হবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু মতবিনিময় সভাটি পরিচালনা করেন। এতে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।