বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৬:০৭

শেরপুরে বাসচাপায় পথচারী নিহত

শেরপুর,  ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছিলেন।

পুলিশ জানায়, সিএনজির জটলায় পথচারী আব্দুল কাদির রাস্তা পার হচ্ছিল। এসময় রংধনু পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বাসস’কে বলেন, দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহন বাসটিকে আটক  করে নকলা থানায় আনা হয়েছে। সেইসাথে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।