শিরোনাম

বরগুনা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ‘আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা’ এ প্রতিপাদ্যে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এ.এস.এম কাসেম।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতি হচ্ছে তার জন্য দায়ী কিন্তু উন্নত বিশ্ব। তার ফলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হচ্ছে, বিশ্ব উষ্ণা য়নের ফলে দাবানলের সৃস্টি হচ্ছে। সমুদ্রের লবনাক্ততা বেড়ে গেছে। আজকের পরিবেশ দিবসের এই বার্তা যেন সকলে কাজে লাগাই। প্লাস্টিক বোতল, পলিথিনের কারনে বেশি ক্ষতি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। সরকার পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষ রোপণ ও খাল খননের সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন হাওলাদার, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান ও পরিবেশ কর্মী আরিফুর রহমান।
সভা পরিচালনা করেন, জেলা পরিবেশ কর্মকর্তা হেমায়েত মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।