বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৩:২২

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন | ছবি: বাসস

রাজবাড়ী, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে|

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়|

রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন| 

প্রধান অতিথি ছিলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারি কোনো প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব| জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ু ও পানি দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষয়রোধে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে| 

তিনি একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন|

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, পলিথিন পরিবেশের বিপর্যয়ের সৃষ্টি করছে| পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি| এসময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান|

জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. নুরুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব মানুষের  স্বাস্থ্যের ওপর ক্রমেই বাড়ছে| বিশুদ্ধ বায়ু, নিরাপদ পানি এবং  স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব| 

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ   তিনি বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও কার্যকর ভূমিকা রাখতে হবে|

এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম, রাজবাড়ী জেলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা|

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো, নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ, নদী ও জলাশয় রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব| 

এরআগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়|

অনুষ্ঠান শেষে পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়|