শিরোনাম

রংপুর, ৯ জুলাই, (বাসস) : জেলার পীরগাছা উপজেলার স্বপন ফিলিং স্টেশনে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়মে ব্যবহৃত একটি জ্বালানি সরবরাহকারী পাম্প সিলগালা করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (প্রকৌশলী) আবদুল হান্নানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, পরিদর্শনের সময় ফিলিং স্টেশনের একটি ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ পাম্পটি সিলগালা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশন থেকে গ্রাহকদের কম তেল দিয়ে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতেই বিএসটিআই অভিযান পরিচালনা করে।
বিএসটিআইর উপপরিচালক (প্রকৌশলী) আবদুল হান্নান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।