বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১১:২৭

চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

কক্সবাজার, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহত এক শিশুর নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর শিশুর নাম মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বাসস’কে বলেন, গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

পাহাড় ধসে ২ শিশুর মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এ নিয়ে গত ৪ দিনে কক্সবাজারে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরেই প্রাণ হারিয়েছেন ১৩ জন রোহিঙ্গা।