বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:১১

খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আ’লীগ নেতা কারাগারে

আটক আওয়ামী লীগ নেতা এড. মুজিবর রহমান কারাগারে । ছবি: বাসস

খুলনা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সোনাডাঙ্গা মডেল থানার রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা এড. এম এম মুজিবর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলার একটি আদালত। গতকাল বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর জামান তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এরআগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে মুক্তি পান তিনি।

মুজিবর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা বাসস’কে বলেন, ‘এম এম মুজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি গত ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল বুধবার তিনি খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক। তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন খুলনায় আওয়ামী লীগ নেতাদের সংগঠিত করে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অ্যাডভোকেট মুজিবরসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।