বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮

কৃষক দল নেতা হত্যা: দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি 

বুধবার দুপুরে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে অনুষ্ঠিত বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে । ছবি: বাসস

বাগেরহাট, ৯ জুলাই, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দল সভাপতি বাদল মোড়ল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

গতকাল বুধবার দুপুরে জেলা কৃষক দলের উদ্যোগে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে অনুষ্ঠিত বাদল মোড়ল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

শফিকুল ইসলাম শফিক বলেন, ‘বাদল মোড়লকে কারা হত্যা করল, কেন হত্যা করল-এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। স্থানীয় মসজিদের ইমামের ভাষ্য অনুযায়ী তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং সবার আগে মসজিদে উপস্থিত হতেন। সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ও দক্ষ। সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে বাগেরহাট, খুলনা ও ঢাকায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল দৃশ্যমান। এমন একজন কর্মীকে কেন হত্যা করা হলো, তার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে।’

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বাগেরহাটে বিএনপি’র নেতা-কর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের তদন্তে কোনো গাফিলতি বা বিলম্ব গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন।

সদর উপজেলা কৃষক দলের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আসাফউদ্দৌলা জুয়েল, সাধারণ সম্পাদক ফকির তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শফিকুল ইসলাম শফিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন। পরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় শফিকুল ইসলাম শফিক বাদল মোড়লের চার সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। তার এ ঘোষণায় উপস্থিত নেতা-কর্মী ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নিহতের সন্তানদের শিক্ষা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।