শিরোনাম

গাইবান্ধা, ৮ জুলাই, ২০২৬, (বাসস): পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। এদিন সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া ছয় পরীক্ষার্থীর মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের চারজন ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুইজন পরীক্ষার্থী রয়েছেন।
তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের বহিষ্কৃত দুজনের মধ্যে একজন জেনারেল শাখার ও অপরজন বিএম শাখার পরীক্ষার্থী।
পরীক্ষা প্রশাসন শাখা ও সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃৃত ছয় পরীক্ষার্থীর কাছে একাধিক কাগজের পাতায় নকল, প্রবেশ পত্রে প্রশ্নের সমাধান ও তাদের বেঞ্চে প্রশ্নের উত্তর লেখা পাওয়া গেছে।
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ছাইফুল ইসলাম বাসসকে বলেন, পরীক্ষার প্রশ্ন পত্রের উল্টোদিকে প্রশ্নের সমাধান ও সিট বেঞ্চে লেখা নকলের দায়ে এই কেন্দ্রের চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) শফিক আহম্মেদ সরকার বলেন, এ কেন্দ্রের বিএম ও জেনারেল শাখার একজন করে দুই শাখার দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের দুজনের কাছে একাধিক পাতা করে নকল পাওয়া গেছে।
গাইবান্ধা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা আগামী পরীক্ষাগুলো আর দিতে পারবেন না।
প্রসঙ্গত, বুধবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে ১টা পর্যন্ত। তবে, এসময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে পৃথক প্রশ্নপত্রে।
এদিন সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের (বিএম) বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ গাইবান্ধার ৫০টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন।