শিরোনাম

চুয়াডাঙ্গা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাছের চারা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
নির্বাহী কর্মকর্তা বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে সদর উপজেলা থেকে তিনটি প্যাকেজে আমরা চারা বিতরণ করছি। এখানে সব ধরনের চারা আছে। ফলজ, ওষুধি, কাঠ জাতীয় বৃক্ষ। শুধু গাছের চারা দেয়া হচ্ছে না, চারার পাশাপাশি এখানে খুঁটি ও ৩০ কেজি করে জৈব সারও দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যারা আজকে এ গাছের চারাগুলো পাচ্ছেন। আমি তাদেরকে অনুরোধ করব গাছ লাগানো থেকে, গাছকে রক্ষণাবেক্ষণ করা, তাকে বড় করে তোলাটা আরও বেশি আমাদের জন্য চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী একটা সবুজ ও সুন্দর পরিবেশ সৃষ্টির যে উদ্যোগ নিয়েছে, তা যেন আমদের অবহেলা ও শুধু লাগিয়ে রাখছি বা গরু ছাগলে খেয়ে যাচ্ছে এরকম যেন না হয়।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া জনপ্রতি ২৫ কেজি করে জৈবসার ও বাঁশের খুটি দেয়া হয়। জেলায় এ অর্থবছরে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিল্লা ইউনিয়ন পরিষদ সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।