বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৪:৪৩

মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বাগেরহাটে শোভাযাত্রা অনুষ্ঠিত

গতকাল মোল্লাহাট উপজেলায় মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ (বাসস): মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে জেলার মোল্লাহাট উপজেলায় মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে মোল্লারকুল যুব সংঘের উদ্যোগে মোল্লারকুল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি’, ‘আপনার সন্তান মাদকের ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদ তো?’, ‘আসুন মাদককে প্রতিহত করি’, ‘তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় একতাবদ্ধ হই’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার বহন করেন। শোভাযাত্রা শেষে মোল্লারকুল স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জিল্লুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।