বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৩:৫৫

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

জেলায় ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।ছবি: বাসস

যশোর, ৫ জুলাই ২০২৬ (বাসস): জেলায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গতকাল শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকার ময়লাখানার সামনে থেকে ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের পুত্র রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র আলমগীর হোসেন (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর সার্কেলের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা।