বাসস
  ০১ জুলাই ২০২৬, ২১:২২

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

ছবি: বাসস

নোয়াখালী, ১ জুলাই, ২০২৬ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। গ্রেফতার মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মামুনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মামুনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।