শিরোনাম

নড়াইল, ১ জুলাই, ২০২৬, (বাসস): জেলার তিনটি উপজেলায় চলতি খরিপ-১ মৌসুমে মোট ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩ লাখ ১৬ হাজার ৮৯৮ বেল (পাকা) অথবা ৫৭ হাজার ৭৫৫ মেট্রিক টন পাট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৯৪২ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
তিন উপজেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩ লাখ ১৬ হাজার ৮৯৮ বেল (পাকা) অথবা ৫৭ হাজার ৭৫৫ মেট্রিক টন পাট। অন্যদিকে, জেলায় গত বছর পাটের আবাদ হয়েছিল ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমিতে। এ বছর গত বছরের চেয়ে ১৯ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসসকে জানান, এ জেলার বিভিন্ন এলাকায় ৯৮৯৭ জাতের, জিআরও-৫২৪ জাতের এবং বিজেআরআই-৮ জাতের পাটের আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, জেলার তিনটি উপজেলায় সোনালি পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাষ উপযোগী জমিতে পাট চাষে উদ্বুদ্ধ করাসহ কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়েছে। পাটের আবাদ বাড়ায় জেলার তিন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।