বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৪:৪৪

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ কৃষি অডিটোরিয়ামে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ. কে. এম. মনজুরে মাওলা। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এবং রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা কৃষক দলের আহবায়ক শাহাদাত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুসম রেওয়াজ তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২ হাজার ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।