শিরোনাম

সুনামগঞ্জ, ৩০ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমেনুল হক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিফাত হোসেন মাহমুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ কর্মি, গবেষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাউসবোট সমূহকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, হিজল-করচসহ দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন জোরদার করা, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ, নির্ধারিত নৌপথ (রুট) অনুসরণ নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হাওরের পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বক্তারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।