বাসস
  ৩০ জুন ২০২৬, ২০:৫৬

ফেনীতে সাড়ে ৬ হাজার কৃষকের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ

ছবি: বাসস

ফেনী, ৩০ জুন, ২০২৬ (বাসস): জেলার সোনাগাজীতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ হাজার ২শ কৃষকের মধ্যে ২০২৫-২৬অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উচ্চ ফলনশীল উফশী আমন চাষে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে ৩ হাজার ৪৪০ জন কৃষকের মধ্যে ৫টি করে নারিকেল, অর্জুন, আমড়া, আমলকি, জাম, বেল, আম, মাল্টা, জলপাই, কদবেল, লেবু, মরিচের চারাসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য একটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক চাষিদের নিয়ে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত অতিথি থেকে বীজ-সার ও বিভিন্ন ধরনের ফল ও ওষুধি গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। সভায় সার,বীজ ও গাছ রোপণসহ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দিনব্যাপী উপজেলায় ৩ হাজার ২শ কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

একই সঙ্গে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার ৯০টি ওয়ার্ডের ৩ হাজার ৪৪০ কৃষকের মধ্যে ৫টি করে নারকেলসহ বিভিন্ন ধরনের ফল ও ওষুধি গাছের চারাসহ রোপণের উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদেরকে অনাবাদি জমিতে চাষাবাদ ও বাড়ির আঙ্গিনায় খালি জায়গাতে নারিকেলসহ বিভিন্ন ধরনের ফল ও ওষুধি গাছের চারা রোপণ করা এবং পারিবারিকভাবে বাগান করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

সমাবেশে কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে সার,বীজ, ফল ও ওষুধি গাছের চারা বুঝিয়ে দেন।