শিরোনাম

জয়পুরহাট, ৩০ জুন, ২০২৬, (বাসস) : আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেল এবং তালা ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
গতকাল সোমবার জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল ইসলাম (২৪) ও নাদিম (২৫) নামে দুইজনকে একটি কালো রঙের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুরগাছী গ্রামে অভিযান চালিয়ে সোহেল নামের অপর এক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস এ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি লোহার টি আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।