বাসস
  ৩০ জুন ২০২৬, ১৪:৩৮

রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা-। ছবি: বাসস

রাজশাহী, ৩০ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। 

আজ র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাত ১২টা ১০মিনিটে মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর পাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের আশপাশে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিক বা এর সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে র‌্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বিদেশী পিস্তল ও এ্যামোনেশন জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের বিশেষ অভিযান চলমান রয়েছে।