শিরোনাম

ঝালকাঠি, ৩০ জুন, ২০২৬ (বাসস) : ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশীয় ফলের চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঝালকাঠিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ঝালকাঠি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় ফল পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের পাশাপাশি বাড়ির আঙিনায় বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং অতিরিক্ত আয় করা সম্ভব। ফলের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ ফল চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলের চারা এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত ফল ও প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর নেন।
আয়োজকরা জানান, মেলার মাধ্যমে ফল চাষ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই তাদের মূল লক্ষ্য।