বাসস
  ৩০ জুন ২০২৬, ১৪:০৬

খুলনায় পরিবহন ব্যবসায়ী হত্যা মামলায় ২ জন আটক

প্রতীকী ছবি

খুলনা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : পরিবহন ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলায় ‘আশিক গ্রুপ’-এর সক্রিয় সদস্য হিসেবে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। 

মঙ্গলবার র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় র‌্যাব-৬ সদর দপ্তরের একটি দল অভিযান চালায়। অভিযানকালে দলটি খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খানকে (২৫) আটক করে।

র‌্যাব জানায়, রফিক গাজী হত্যার ঘটনায় লবণচরা থানায় দায়ের করা মামলার তদন্তে এই দু’জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ জুন সকাল ১১টা ২০ মিনিটের দিকে পরিবহন ব্যবসায়ী রফিক গাজী (৪০) স্ত্রী ও সন্তানকে নিয়ে যাওয়ার সময় লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার রায়পাড়ায় হামলার শিকার হন। হেলমেট পরিহিত হামলাকারীরা তাঁর গতিরোধ করে এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তার স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।