শিরোনাম

চাঁদপুর, ৩০ জুন, ২০২৬ (বাসস): চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট গতকাল সোমবার দুপুরে ঘোষণা করা হয়েছে|
সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার|
বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ও সরকারি বরাদ্ধ ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে| এছাড়া মূলধনী আয় ১৩ কোটি এবং প্রারম্ভিক স্থিতি ১৭ কোটি টাকা|
এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম|
তিনি বলেন, জেলা পরিষদকে আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে| এর মধ্যে রয়েছে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন|
প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি জনস্বার্থ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে|
বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা|
সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে|