বাসস
  ২৯ জুন ২০২৬, ২১:২০
আপডেট : ২৯ জুন ২০২৬, ২১:২৩

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ছবি : সংগৃহীত

বান্দরবান, ২৯ জুন, ২০২৬, (বাসস): পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। 

একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার পর যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্য কোনো কারণে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষে জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া এসব শিক্ষার্থীর পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষা জীবন শেষ করে, তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস ও সমাজসেবা অধিদপ্তরও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

এ সময় গ্রাউসের পক্ষ থেকে ৮ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।