শিরোনাম

জামালপুর, ২৯ জুন, ২০২৬ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ জামালপুরে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
দিনের কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম আবদুল্লাহ বিন রশিদ।
এডিএম তার বক্তব্যে বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করা উচিত। তিনি শিশুশ্রম বন্ধ করতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা ইউনিটের শেখ মো. আবদুস সোবহান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মুখলেসুর রহমান লিখন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ইউনিটের সভাপতি অ্যাড. আসিমুল ইসলাম।
সভায় কর্মসূচির মূল প্রবন্ধ পাঠ করেন ডিআইএফই-এর পরিদর্শক সানজিদা সুলতানা।
এরআগে এডিএম এ কে এম আবদুল্লাহ বিন রশিদের নেতৃত্বে শহরের ফৌজদারী মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ে এসে শেষ হয়।