শিরোনাম

গাজীপুর, ২৯ জুন, ২০২৬ (বাসস) : মহানগরীর টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী আফরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬টি বোতল ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে জিএমপি’র গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আফরিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ মাদক বস্তির জনৈক আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আফরিনার একাধিক স্থাপনা ও গোপালপুর এলাকায় মাদকের টাকায় নির্মিত ৬তলা ভবনে তল্লাশী চালিয়ে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বাসস’কে বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদক সেবী ও গডফাদার আইনের বাইরে থাকবে না।