বাসস
  ২৯ জুন ২০২৬, ১১:১৩

কর্ণফুলীতে ২ হাজার লিটার ডিজেল জব্দ ; আটক ২

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক দুইজন । ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করেছে পুলিশ। নৌকায় থাকা ২জনকে আটক করা হয়েছে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এসব ডিজেল জব্দ করা হয়।

আটকরা হলেন-কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো.বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন বাসস’কে বলেন, কর্ণফুলী নদীতে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালাই। এ সময় নৌকায় থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। প্রতিটি ড্রামে ২শ’ লিটার করে ডিজেল ছিল। আটক ২ ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে ২ হাজার লিটার ডিজেল ও নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।